আরমান হোসেন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে খামার ও জমি দখলের চেষ্টা: হামলায় খামারিসহ পরিবারের একাধিক জন গুরুতর আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নে পৈতৃক জমি ও ডেইরি খামার জোরপূর্বক দখলের চেষ্টা, যাতায়াতের রাস্তা বন্ধ এবং শারীরিক নির্যাতনের এক ভয়াবহ ঘটনা ঘটেছে।
এতে ক্ষতিগ্রস্ত খামারি মোহাম্মদ হানিফ ও তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্রের হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খামারি মোহাম্মদ হানিফের ডেইরি খামার ও পৈতৃক জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছিল একটি প্রভাবশালী মহল। তারা খামারে যাতায়াতের মূল রাস্তাও বন্ধ করে দেয়। এর প্রতিকার চেয়ে খামারি হানিফ চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানান।
আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশে এলাকাবাসীর উপস্থিতিতে খামারের চলাচলের রাস্তার বেড়া খুলতে গেলে প্রতিপক্ষ অনাকাঙ্ক্ষিতভাবে চড়াও হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোহাম্মদ হানিফ ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় খামারি হানিফসহ তার পরিবারের সব সদস্য গুরুতর আহত হন। হামলায় হানিফের বৃদ্ধ বাবার মাথা ও চোখে মারাত্মক জখম হয়। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় ও আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।