পঞ্চগড় জেলা প্রতিনিধি,
পঞ্চগড়ের আটোয়ারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কষ্টি পাথর বহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়। এছাড়া দুটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীন বর্ষালুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সীমান্তের মেইন পিলার ৩৯৬/৫-আর থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাধাকৃষ্ণ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর গ্রামের মো. দুলাল হোসেন (৩৬) এবং ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার বৈরাগীহাট এলাকার চাপাতি গ্রামের মো. কলিম উদ্দিন (৪০)।
বিজিবি জানায়, ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৭ কেজি ওজনের কষ্টি পাথরটি উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা কষ্টি পাথরসহ জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।
প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার করা কষ্টি পাথর এবং আটক দুই ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটোয়ারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।