1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

প্রকল্প হতে হবে বাস্তবসম্মত ও প্রয়োজননির্ভর, অপ্রয়োজনীয় প্রকল্পে সরকারি অর্থের অপচয় নয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

তানিয়া ইসলাম ঝিনুক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত চারটি নতুন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) সম্পন্ন এবং উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আহমেদ আযম খান এমপি। উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে এর প্রয়োজনীয়তা, বাস্তবায়নযোগ্যতা এবং প্রত্যাশিত সুফল যথাযথভাবে যাচাই করে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

আজ রবিবার সকাল ১০টায় সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত চারটি নতুন প্রকল্প বিষয়ে পর্যালোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব নির্দেশনা প্রদান করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব মোঃ আবুল হাছানাত হুমায়ূন কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি এবং পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম।
সভায় মন্ত্রী আহমেদ আযম খান বলেন, কেবল প্রকল্প গ্রহণের জন্য প্রকল্প গ্রহণ করা যাবে না। প্রতিটি প্রকল্প হতে হবে বাস্তবভিত্তিক, প্রয়োজননির্ভর ও জনস্বার্থসংশ্লিষ্ট। অপ্রয়োজনীয় বা অযৌক্তিক প্রকল্প গ্রহণের মাধ্যমে সরকারি অর্থের অপচয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রকল্প গ্রহণের আগে এর প্রয়োজনীয়তা, বাস্তবায়নযোগ্যতা এবং প্রত্যাশিত সুফল যথাযথভাবে যাচাই করতে হবে। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে এমন প্রকল্পই অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

মন্ত্রী আরো বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনোভাবেই পিছিয়ে থাকা যাবে না। দক্ষতা, গতিশীলতা ও প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে। তিনি কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে দ্রুত ফাইল নিষ্পত্তির নির্দেশ দিয়ে বলেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে প্রয়োজনে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সহায়তা নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুলভাবে ডিপিপি প্রণয়ন করে পরিকল্পনা কমিশনে পাঠাতে হবে, যাতে কোনোভাবেই আমাদের মন্ত্রণালয় পিছিয়ে না থাকে।

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমিগুলো সংরক্ষণ ও আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের আদলে সারাদেশের বধ্যভূমিগুলো সংরক্ষণ ও উন্নয়ন করা হবে। এসব স্থানে লাইব্রেরি, আর্ট গ্যালারি এবং অডিও-ভিজ্যুয়াল সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলি সম্পর্কে জানার সুযোগ পাবে। এ লক্ষ্যে আগামী মাসে সমাজকল্যাণ মন্ত্রীকে সঙ্গে নিয়ে কুড়িগ্রাম জেলার বধ্যভূমিগুলো সরেজমিনে পরিদর্শন করে সংরক্ষণ ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

মুক্তিযুদ্ধের ইতিহাসের যথার্থতা ও মর্যাদা প্রতিষ্ঠায় শহীদ, প্রকৃত মুক্তিযোদ্ধা এবং নিগৃহিতা মা-বোনদের নির্ভুল তালিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রকৃত ইতিহাস ও তথ্য-উপাত্তের ভিত্তিতে এসব তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কমুক্ত ও যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে বাদ পড়া প্রকৃত আহত ও আন্দোলনকারীদের তালিকাভুক্তির সুযোগ দিতে তালিকা পুনরায় উন্মুক্ত করা হয়েছে। এ ছাড়া জেলা পর্যায়ের জুলাই আন্দোলন-সংক্রান্ত কমিটিগুলো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি প্রকল্প প্রণয়নে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রকল্প গ্রহণে ‘প্রোগ্রাম্যাটিক অ্যাপ্রোচ’ ও ‘রিস্কোপিং’-এর প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, বিচ্ছিন্নভাবে প্রকল্প গ্রহণ না করে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় পর্যায়ক্রমে (ফেজ-ওয়ান, ফেজ-টু) প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এতে প্রকল্পগুলোর মধ্যে পুনরাবৃত্তি ও দ্বৈততা এড়ানো সম্ভব হবে এবং বরাদ্দকৃত অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যাবে। এ ছাড়া চলমান ও পাইপলাইনে থাকা প্রকল্পগুলোর আওতা প্রয়োজন অনুযায়ী পুনর্মূল্যায়ন করে যুগোপযোগী করার পরামর্শ দেন তিনি।

সভাপতির বক্তব্যে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব মোঃ আবুল হাছানাত হুমায়ূন কবীর জানান, প্রস্তাবিত চারটি প্রকল্প বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে। ইতোমধ্যে একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর ১৩ দফা নির্দেশনা অনুসরণ করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাই ও ডিপিপি চূড়ান্ত করে পরিকল্পনা কমিশনে দাখিল করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..