ক্রীড়া ডেস্ক;
মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ফুটবলের মহাযজ্ঞ। আজ থেকে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের আবহ ছড়িয়ে পড়বে কানাডা ও যুক্তরাষ্ট্রেও। আর নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করার আগে আত্মবিশ্বাসে ভরপুর স্বাগতিক যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। নিজেদের মাটিতে বিশ্বকাপ শুরু করার ম্যাচটিতে ফেবারিট হিসেবেই মাঠে নামবে তারা।
ফিফা র্যাঙ্কিংয়ে প্যারাগুয়ের অবস্থান ৪০তম, যেখানে যুক্তরাষ্ট্র রয়েছে ১৬ নম্বরে। তবে কাগজে-কলমের হিসাবের বাইরেও স্বাগতিকদের পক্ষে রয়েছে আরও কিছু বড় সুবিধা। পরিচিত পরিবেশ, সমর্থকে ঠাসা গ্যালারি এবং নিজেদের মাঠে খেলার বাড়তি আত্মবিশ্বাস সব মিলিয়ে দারুণ শুরু করার স্বপ্ন দেখছে মার্কিনরা।
বিশ্বকাপ শুরুর আগেই দলের আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো নিজের বিশ্বাসের কথা স্পষ্ট করে জানিয়েছেন। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রতিভা আমাদের আছে এবং আমরা দারুণ কিছু করতে পারব। এই বিশ্বাস রাখার যথেষ্ট কারণ রয়েছে।”
প্যারাগুয়ের বিপক্ষে জয় দিয়েই সেই স্বপ্নযাত্রার শুরু করতে চায় যুক্তরাষ্ট্র। ২০২২ বিশ্বকাপে গ্রুপপর্বে অপরাজিত থাকলেও শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। এবার অবশ্য ইউরোপের বিভিন্ন শীর্ষ লিগে খেলা অভিজ্ঞ ও প্রতিভাবান ফুটবলারদের নিয়ে আরও ভারসাম্যপূর্ণ দল গড়েছে তারা।
সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সও আত্মবিশ্বাস জোগাচ্ছে যুক্তরাষ্ট্রকে। সেনেগালকে ৩-২ গোলে হারিয়েছে তারা। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির কাছে ২-১ গোলে হারলেও পুরো ম্যাচজুড়ে সমানতালে লড়াই করেছে।
দলের আক্রমণভাগে অন্যতম ভরসা অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিসিচ। তার সৃজনশীলতা এবং ফোলারিন বালোগানের গোল করার দক্ষতা যুক্তরাষ্ট্রের বড় শক্তি। প্রথম ম্যাচেই নিজেদের সামর্থ্য বিশ্বকে দেখাতে মুখিয়ে আছে তারা।
তবে প্রতিপক্ষ প্যারাগুয়েকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে মাত্র একটি ম্যাচ হেরেই বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা। সেই পথে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে দলটি।
গুস্তাভো গোমেস ও ওমার আলদেরেতেকে ঘিরে গড়ে ওঠা প্যারাগুয়ের রক্ষণভাগ বেশ দৃঢ়। আর আক্রমণে হুলিও এনসিসো, মিগেল আলমিরন ও আন্তোনিও সানাব্রিয়ার মতো খেলোয়াড়রা যে কোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে সক্ষম।
এ কারণে ম্যাচটি শুধু দুই দলের লড়াই নয়, দুই ভিন্ন ফুটবল দর্শনেরও সংঘর্ষ। একদিকে যুক্তরাষ্ট্রের দ্রুতগতির আক্রমণাত্মক ফুটবল, অন্যদিকে প্যারাগুয়ের সংগঠিত রক্ষণ ও বাস্তববাদী কৌশল।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে দল দুটি। এর মধ্যে যুক্তরাষ্ট্র জিতেছে ৫ ম্যাচে, প্যারাগুয়ের জয় ২টিতে। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের এই ম্যাচ দিয়েই যুক্তরাষ্ট্রের মাটিতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্বকাপের যাত্রা। ম্যাচ শুরুর আগে আয়োজন করা হয়েছে বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানও। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকবেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী কেটি পেরি। এছাড়া পরিবেশনায় অংশ নেবেন আটলান্টার খ্যাতিমান র্যাপ শিল্পী ফিউচার। আরও থাকবেন আনিস্তা, লিসা, রেমা ও টাইলা।
সব মিলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠের লড়াইয়ের পাশাপাশি জমকালো আয়োজনেও চোখ থাকবে কোটি কোটি ফুটবলপ্রেমীর।