গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্বকঞ্চিপাড়া (খোলাবাড়ী) ও উত্তর উড়িয়া এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পূর্বকঞ্চিপাড়া ও উত্তর উড়িয়া এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নদীভাঙনে এসব এলাকার মানুষের বসতভিটা, ফসলি জমি ও জীবিকা হুমকির মুখে পড়েছে। দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
বক্তারা ব্রহ্মপুত্রের ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।