1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে যে মন্ত্রে নির্ভর নরওয়ে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত
৩৯

ক্রীড়া ডেস্ক:
বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের মতো পাঁচবারের চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়া যেকোনো দলের জন্য বড় পরীক্ষা। কিন্তু নরওয়ে সেই লড়াইয়ে ভয় নয়, বরং উপভোগের মানসিকতা নিয়েই নামতে চায়। ইতিহাস গড়ে শেষ ষোলোতে ওঠা স্ক্যান্ডিনেভিয়ানরা মনে করছে, এখন তাদের হারানোর কিছু নেই। তাই ব্রাজিলের বিপক্ষে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত হলান্ড-ওডেগার্ডরা।

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। নাটকীয় এই জয়ে শেষ মুহূর্তের নায়ক ছিলেন তারকা স্ট্রাইকার আর্লিং ব্রাউট হলান্ড। এবার তাদের সামনে অপেক্ষা করছে বিশ্বকাপের অন্যতম সফল দল ব্রাজিল।

 

ম্যাচ শেষে হলান্ড স্বীকার করেছেন, ‘ব্রাজিলের বিপক্ষে জয়ের সম্ভাবনা খুব বেশি নয়। তবে অসম্ভবও নয় বলে বিশ্বাস করেন তিনি।’ তাঁর ভাষায়, ‘কেউ ভাবেনি আমরা এতদূর আসতে পারব। শেষ ষোলোতে আমাদের জন্য ব্রাজিল অপেক্ষা করছে। এটা একটা ফ্যান্টাস্টিক চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’

আইভরি কোস্টের বিপক্ষে প্রথমার্ধে আন্তোনিও নুসার দৃষ্টিনন্দন গোলে এগিয়ে যায় নরওয়ে। পরে আমাদ দিয়ালো সমতা ফিরিয়ে আনলেও ম্যাচের একেবারে শেষ দিকে হলান্ডের গোলে জয় নিশ্চিত করে স্ক্যান্ডিনেভিয়ানরা।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন হলান্ড। তিনি বলেন, ‘আইভরি কোস্ট ছিল কঠিন প্রতিপক্ষ। কঠিন লড়াইয়ের পর জয় পাওয়ায় দলের আত্মবিশ্বাস আরও বেড়েছে।’

ফিফাকে দেওয়া প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত হলান্ড বলেন, ‘২৮ বছর পর বিশ্বকাপে ফিরে এসে শুধু গ্রুপ পর্ব পার হওয়াই নয়, নকআউটেও জায়গা করে নেওয়া নরওয়ের জন্য বিশাল অর্জন। তাই এখন থেকে যা কিছু পাওয়া যাবে, সবই বাড়তি প্রাপ্তি।’

 

নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ডও ব্রাজিল ম্যাচ নিয়ে দারুণ রোমাঞ্চিত। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ঐতিহাসিক ম্যাচের গল্প শুনে বড় হয়েছি। এবার নিজেরাই সেই মঞ্চে নামার সুযোগ পাছি, যা আমাদের জন্য বিশেষ এক মুহূর্ত।’

ওডেগার্ডের বিশ্বাস, ‘ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। তাই ব্রাজিলের বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে পারলে আরেকটি ইতিহাসও গড়া অসম্ভব নয়।’

বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের একটি সুখস্মৃতিও রয়েছে। ১৯৯৮ সালের আসরে তারা ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল। সেই স্মৃতিকে সামনে রেখেই এবার নতুন স্বপ্ন দেখছে ইউরোপের দলটি। আগামী রোববার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। এই ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে মেক্সিকো, ইংল্যান্ড অথবা কঙ্গো প্রজাতন্ত্রের বিপক্ষে খেলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..