মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, সবার সহযোগিতায় মানিকগঞ্জ-১ আসনের তিনটি উপজেলার প্রতিটি গ্রাম থেকে মাদকসেবী ও মাদক কারবারিদের নির্মূল করা হবে। সেজন্য সবাইকে নিজ নিজ এলাকাকে মাদকমুক্ত করতে সচেষ্ট থাকার আহ্বানও জানান তিনি।
শুক্রবার বিকালে মাদক-বিরোধী র্যালি উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিবালয় উপজেলার রুপসা ওয়াহেদ আলী উচ্চবিদ্যালয় মাঠে এ মাদক বিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
জিন্নাহ কবির উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘আপনারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমরা এখন আপনাদের এবং দেশের উন্নয়নে কাজ করব। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, মানুষের উন্নয়নে কাজ করবেন। সে অনুযায়ী ইতোমধ্যে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হচ্ছে। দেশকে মাদকমুক্ত করতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’
তিনি আরও বলেন, ১৭ বছরে দেশকে ধ্বংস করে গেছেন শেখ হাসিনা। যেটুকু অবশিষ্ট ছিল ইউনূস সরকার সেটুকু শেষ করে দিয়েছে। সেই ভঙ্গুর অবস্থান থেকে বর্তমান প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন। বিএনপি সরকারের এই অল্প দিনের মধ্যেই সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছেন। তারা এখন মর্যাদা নিয়ে বসবাস করছেন।
আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দিপু, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা।