1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

ময়মনসিংহে দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, সাংবাদিকদের প্রাননাশের হুমকির অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি

ফাইল ফটো

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সহ-সভাপতি তানভীর আহমেদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলচেষ্টা, প্রভাব বিস্তার, সাংবাদিকদের ভয়ভীতি ও হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের নিয়ে অপপ্রচারসহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে কেন্দ্র করে গৌরীপুরসহ ময়মনসিংহের রাজনৈতিক ও সাংবাদিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্র ও বিভিন্ন সময়ে প্রকাশিত সংবাদে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে ময়মনসিংহ উত্তর ছাত্র দলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও তার গ্রুপের ক্যাডার তানভীর আহমেদসহ তার অনুসারীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তার, চাঁদাবাজি, দখলচেষ্টা এবং সাংবাদিকদের সঙ্গে বিরোধে জড়ানোর অভিযোগ ওঠে।

এসব অভিযোগের মধ্যে নুরুজ্জামান সোহেলের সঙ্গে ছাত্রদলের সহ-সভাপতি তানভীর আহমেদ, নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মানিকসহ কয়েকজনের নামও বিভিন্ন ঘটনায় উঠে এসেছে।

এদিকে একই কমিটির কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন সময়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে গৌরীপুরের বিভিন্ন ইউনিটের ১৯ নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, হাঙ্গামা, সহিংসতা ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। তারা অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও নিজেরাই এখন বিভিন্ন মব সৃষ্টি ও কলহে জড়িয়ে পড়েছে।

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জাল হোসেনকে মব সৃষ্টি করে মারধর এবং পরে মাদক দিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগ নিয়েও এলাকায় ও সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা রয়েছে। ওই ঘটনার সঙ্গে ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলের নেতৃত্বের সংশ্লিষ্টতার অভিযোগ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে।

অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি এবং তাদের বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা চালানোর প্রবণতা স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এদিকে গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুবদল নেতা আল আমিন প্রকাশ্যে নুরুজ্জামান সোহেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ তুলে বক্তব্য দিয়েছেন বলে স্থানীয়ভাবে প্রচার রয়েছে। তাঁর দাবি, এ ধরনের কর্মকাণ্ড কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তির জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে ছাত্রদলের সহ-সভাপতি তানভীর আহমেদের বিরুদ্ধে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি মানববন্ধনে সাংবাদিকদের ‘গাঁজা সেবন’ ও ‘মাদক ব্যবসার’ সঙ্গে জড়িত বলে মন্তব্য করার অভিযোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রতিবাদ দেখা দেয়। এ ঘটনায় গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামসহ সাংবাদিকদের বিভিন্ন মহল প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বলে জানা গেছে।

সাংবাদিকদের অভিযোগ, এসব ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। কয়েকজন সাংবাদিকের দাবি, তাদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য দেওয়ার ঘটনাও ঘটছে।

সংশ্লিষ্ট সাংবাদিকদের মতে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আদালতের কাছে উপস্থাপন করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, হুমকি কিংবা অপপ্রচার চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে।

অভিযোগগুলোর বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সহ-সভাপতি তানভীর আহমেদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..