জ্যেষ্ঠ প্রতিবেদক
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার আপস করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, প্রয়োজনে রক্তের বিনিময়ে হলেও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখা হবে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন স্বপ্ন নিয়ে দেশ পরিচালনা করছে সরকার। সরকার গঠনের আগেই ৩১ দফা কর্মসূচির মাধ্যমে বিভিন্ন অঙ্গীকার জাতির সামনে তুলে ধরা হয়েছিল। এর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।’
আরও পড়ুন: স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্রীর
তিনি বলেন, ‘আমরা রক্তের বিনিময়ে হলেও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখব। বাংলাদেশ হবে বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ।’
তথ্যমন্ত্রী বলেন, ‘যারা একক ধর্ম, একক ভাষা, একক সংস্কৃতি কিংবা একদলীয় আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, তারা প্রকৃতির বৈচিত্র্যের নিয়ম বোঝে না। তাঁর ভাষায়, বৈচিত্র্যের মধ্যেই শান্তিপূর্ণ সহাবস্থান প্রকৃতির স্বাভাবিক নিয়ম।’
তিনি আরও বলেন, ‘যারা জোর করে একটি ধর্ম বা একটি রাজনৈতিক মত প্রতিষ্ঠা করতে চায় এবং সমাজের বৈচিত্র্যকে মেনে নিতে পারে না, তারা সমাজবিরোধী, মানবতাবিরোধী এবং সভ্যতার পরিপন্থী।’
জহির উদ্দিন স্বপন বলেন, ‘তারেক রহমানের পরিকল্পনায় ধর্ম, বর্ণ, পাহাড়ি ও সমতলের সব মানুষের সমান অধিকার নিশ্চিত করার কথা রয়েছে। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে এবং ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা হবে।’
আরও পড়ুন: ভয়হীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করবো: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
মহাত্মা ভেঁগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে ‘আপন (ঢাকা)’ এ স্মরণসভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি শচীন্দ্র নাথ হালদার। বিশেষ অতিথি ছিলেন- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং শিল্পপতি ও সমাজসেবক জিতেন্দ্র লাল ভৌমিক।
অনুষ্ঠানে আপনের সাধারণ সম্পাদক লাল বাহাদুর অধিকারীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণির পেশার নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময় বিশিষ্ট ব্যক্তি ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ভেগাই হালদারের মন্দিরকে মডেল মন্দির হিসেবে গড়ে তোলা এবং ভেগাই হালদার পাবলিক একাডেমি জাতীয়করণের দাবি জানানো হয়। জবাবে তথ্যমন্ত্রী বলেন, সুযোগ এলে বিদ্যালয়টি জাতীয়করণের বিষয়টি বিবেচনা করা হবে। এছাড়া উত্থাপিত অন্যান্য দাবিও পর্যালোচনার আশ্বাস দেন তিনি।