1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তিতে ঈদের দ্বিতীয় দিনেও ডিএসসিসির বর্জ্য অপসারণে জোর

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ২৬ বার পঠিত
৩১

জ্যেষ্ঠ প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশু ও অস্থায়ী হাটের বর্জ্য দ্রুত অপসারণে দ্বিতীয় দিনেও জোরদার অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। নির্ধারিত লক্ষ্যমাত্রা ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণে দিন-রাত কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। এরইমধ্যে ঈদের দিন রাত ১২টা পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্প করা হয়েছে বলে জানিয়েছে তারা।

শুক্রবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় কোরবানির পশু এবং অস্থায়ী হাটের বর্জ্য দ্রুত অপসারণে নিরবচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। নগরবাসীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দিতে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা মাঠে থেকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

শুক্রবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম শাহজাহানপুর রেলওয়ে কলোনির অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শন করেন। এ সময় তিনি চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত কাজ শেষ করার প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ঈদুল আজহার প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও কোরবানির পশুর বর্জ্য এবং অস্থায়ী হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম অত্যন্ত জোরদারভাবে পরিচালিত হচ্ছে। নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে সব বর্জ্য অপসারণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও জানান, ঈদের দ্বিতীয় দিনে বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৭৭৬ টন। পরিচ্ছন্নতাকর্মী, পরিবহন কর্মী ও সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

উল্লেখ্য, ঈদের দিন (২৮ মে) রাত ১২টা পর্যন্ত মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্প করা হয়েছে।

ডিএসসিসির পক্ষ থেকে নগরবাসীকে নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করা, পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে আন্তরিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও ঈদুল আজহা উপলক্ষ্যে বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে ডিএসসিসির আওতাধীন এলাকায় অতিরিক্ত জনবল, যানবাহন, কনটেইনার ও পরিচ্ছন্নতা সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুরো কার্যক্রমের ওপর কড়া নজরদারির জন্য একটি বিশেষ মনিটরিং টিমও সার্বক্ষণিক কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..