আরমান হোসেন নোয়াখালী প্রতিনিধি:-
বৃক্ষই বাঁচাবে প্রকৃতি, সবুজেই গড়বে আগামীর বাংলাদেশ।
বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাটখিল উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী রাকিব হোসেন রাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) চাটখিল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আশপাশের এলাকা এবং চাটখিল মহিলা কলেজ সংলগ্ন ভাঙনপ্রবণ স্থানে বিভিন্ন দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, কর্মসূচির উদ্দেশ্য হলো বনভূমি ও সবুজায়ন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা।
তারা আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ সাধারণ জনসাধারণকেও নিজ নিজ বাড়ি ও খালি জায়গায় অন্তত একটি করে ফলদ ও ঔষধি গাছ লাগানোর উদাত্ত আহ্বান জানান। ছাত্রদলের নেতৃবৃন্দ জনগনের প্রতি আহ্বান জানান
সবাই মিলে বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ রক্ষা করি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি।