ফারদিন আহমেদ
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের লাইনচ্যুত চারটি বগি উদ্ধারের কাজ শেষ হয়েছে। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনসংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে উদ্ধারকারী রিলিফ ট্রেনের মাধ্যমে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের কাজ শুরু করা হয়।
দীর্ঘ সময়ের উদ্ধার তৎপরতা শেষে লাইন থেকে বগিগুলো সরিয়ে নেওয়া হলে রেললাইনটি ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন এর আগে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, গফরগাঁও স্টেশনে প্রবেশের আগে ট্রেনটির সামনের পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়।
তবে দুর্ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।