নিজস্ব প্রতিবেদক :
দেশে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ১৩৬ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাহিরে) ৮৫ জন, বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, খুলনায় বিভাগে ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন ও রংপুর বিভাগে ২৭ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতার বলছে, চলতি বছর শুরু থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৬৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মোট ১৭ হাজার ৩৩৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ২৮১ জন। আর ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।
তথ্য অনুযায়ী, চলতি মাসে আক্রান্ত ৩ হাজাট ৩৬৩ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ মহিলা।
এরআগে ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।