1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

২৫ মে থেকে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি ঘোষণা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৩ বার পঠিত
১৪

নিজস্ব প্রতিবেদক,
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে এক জুন পর্যন্ত আট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের কথা বিবেচনা করে জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো কর্মসূচি করা হবে না।

সোমবার (১৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভা শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে সকাল ১০টায় নয়াপল্টনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রুহুল কবির রিজভীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

এ সময় রিজভী মরহুমের স্মৃতিচারণ করে দল ও জনসাধারণের প্রতি তার অবদানের কথা স্মরণ করেন এবং তার অকালপ্রয়াণকে দল ও দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন। এর আগে গত রোববার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মিজানুর রহমান সিনহার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সব মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশ নিয়েছিলেন।

জানাজা শেষে বেলা ১১টায় নয়াপল্টন কার্যালয়ে বিএনপির যৌথ সভা শুরু হয়। সভায় রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশকে যিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি গভীর শ্রদ্ধা জানাচ্ছে।

তিনি বলেন, জিয়াউর রহমানের সময়কালের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশকে এগিয়ে নেওয়ার যুগান্তকারী পদক্ষেপগুলো এখনো স্মরণীয়। বিশেষ করে দেশে খাল কাটার ঐতিহাসিক পদক্ষেপ তিনিই নিয়েছিলেন।

ফারাক্কা বাঁধ ও নদীপ্রবাহ প্রসঙ্গে রিজভী ভারতের ভূমিকার সমালোচনা করে বলেন, পদ্মার অধীনে ফারাক্কা বাঁধ দিয়ে আমাদের নদীপ্রবাহকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এর ফলে আমাদের উপ নদী ও শাখা নদীগুলো শুকিয়ে যাচ্ছে। পানির এই ন্যায্য হিস্যার জন্য জিয়াউর রহমান আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি একটি হতাশাগ্ৰস্ত জাতিকে পথ দেখিয়েছিলেন এবং মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিলেন।

দলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে রিজভী আরও বলেন, গণতন্ত্রের ক্ষেত্রে বেগম খালেদা জিয়া যেমন আপসহীন থেকেছেন, তেমনি এখন একের পর এক কর্মসূচি সফল করছেন তারেক রহমান। তিনি তার বাবার আদর্শেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং দেওয়া সব প্রতিশ্রুতি রক্ষা করছেন। তবে কিছু মানুষ নানা ধরনের কথা বলে এই এগিয়ে যাওয়াকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করলেও তারা জনগণের আস্থা নিতে পারছে না।

এদিকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩১ মে রমনা ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩০ মে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর মূল দিনে সমাধিতে দলের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো হবে বলে জানান রুহুল কবির রিজভী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..