জ্যেষ্ঠ প্রতিবেদক:
ওবায়দুল কাদের (ফাইল ফটো)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৭৫ পরবর্তী বাংলাদেশে সবচেয়ে সৎ, সাহসী ও মানবিক নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বের বিস্ময়। আপন কর্মমহিমায় শেখ হাসিনা হয়ে উঠেছেন বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস (১৭ মে) উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে করোনা সংকট মোকাবিলা করে বাংলাদেশ কাঙ্খিত উন্নয়ন ও সমৃদ্ধির পথে দুর্বার গতিতে এগিয়ে যেতে সক্ষম হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হিসেবে শেখ হাসিনা গত চার দশক ধরে দলকে সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা দীর্ঘপথ অতিক্রম করে ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে বারবার জীবনের জয়গান গেয়েছেন।
বঙ্গবন্ধু রাজনীতির রোল মডেল, আর উন্নয়নের রোল মডেল হিসেবে শেখ হাসিনার নাম চির ভাস্বর হয়ে থাকবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার মত দুরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলছে।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই ঢাকায় আজ তরুণ প্রজন্মের মেট্রোরেল, নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন পদ্মা সেতুর কাজ এখন শেষ পর্যায়ে, সার্বিক অগ্রগতি শতকরা ৮৫ ভাগ।
শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটা শেখ হাসিনার সাফল্যের মুকুটে যুক্ত আরও একটি সোনালী পালক।
বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানবিকতা আছে বলেই শেখ হাসিনা বেগম জিয়ার সাজা স্থগিত করে মুক্তি দিয়েছেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি সাদেক খানের সভাপতিত্বে এই আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রকৌশলী আবদুস সবুর, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি বক্তব্য রাখেন।
Leave a Reply