নিজস্ব প্রতিবেদক
ছাত্রদলের ‘অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের’ তীব্র প্রতিবাদ ও বিচারের দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে
দেশব্যাপী ছাত্রদলের ‘অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের’ তীব্র প্রতিবাদ ও বিচারের দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে |ছবি : নয়া দিগন্তদৈনিক নয়া দিগন্ত
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবির কর্মীদের ওপর হামলা এবং তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একইসাথে দেশব্যাপী ছাত্রদলের ‘অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের’ তীব্র প্রতিবাদ ও বিচারের দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে।
বুধবার বিকেল সাড়ে ৫টায় ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক আজিজুর রহমান আযাদ বলেন, ‘চট্টগ্রামে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তার প্রতিবাদে আমরা আজ একত্রিত হয়েছি। শিবিরকর্মী আশরাফুল ইসলামের পায়ের গোড়ালি চাপাতি দিয়ে কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। সেই সন্ত্রাসী ছাত্রদলকর্মীদের বিচারের দাবিতে আজ আমরা মাঠে নেমেছি। তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসানকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে তারা জাতিকে লাশ উপহার দিয়েছে; আমরা তাদেরও বিচার চাই।
তিনি আরো বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে গেস্টরুম-গণরুম সংস্কৃতি ও হত্যার পরিবেশ সৃষ্টি করেছে। তারা ২০০১ সালে বুয়েটে সাবিকুন্নাহার সনিকে হত্যা করে এবং ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে আমাদের বোনদের ওপর রাতভর জুলুম চালিয়েছিল। প্রতিবারই তারা আইনের ফাঁকফোকর দিয়ে নিরাপদে পার পেয়ে যায়। অনতিবিলম্বে এই সন্ত্রাসীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।
জকসু ভিপি বলেন, চট্টগ্রামে হামলার ঘটনায় কাদের সম্পৃক্ততা রয়েছে, তা জাতির কাছে আজ স্পষ্ট। ছাত্রশিবির চায় ক্যাম্পাসগুলো সবার জন্য অবাধ ও নিরাপদ থাকুক।
ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি আবু তাহের বলেন, শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত রাজপথ আমরা আর দেখতে চাই না। জাতি আজ জানতে চায়—শিক্ষাঙ্গনে যে যত বেশি সহিংসতা করতে পারে, সে তত বড় নেতা হয় কেন?
শিবির নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, দেশব্যাপী ছাত্রদল তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছে। সাধারণ শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তায় প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান তারা। অন্যথায় রাজপথে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।
এই মিছিলে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীদের খুনিদের বিচার ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
Leave a Reply