বিনোদন প্রতিবেদক:
ক্যান্সারের কাছে হার মেনে মারা গেলেন দেশের জনপ্রিয় প্রচ্ছদ ডিজাইনার ও সংগীতশিল্পী বোরহান আহমেদ বৃহান। রোববার (১৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে আদাবরের ঢাকা হাউজিংয়ের নিজ বাসাতেই তিনি মারা যান।
মত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। ১ বছরেরও বেশি সময় ধরে ব্রেন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তিনি।
দুইবার তাকে অস্ত্রপচার করা হয়। কিন্তু আর শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ছেন সংগীতাঙ্গনের সদা হাসি মুখের মানুষটি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট বোন নীলা।
নীলা জানান, দুই দিন আগেই বৃহানকে হাসপাতাল থেকে এমআরআই করে বাসায় এনেছিলেন। আজ সকালেই আবার তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কথা ছিল। সকালে খাওয়ানোর জন্য ঘুম থেকে উঠে দেখেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। তারপর সোজা করে বসানোর পর তার অক্সিজেন লেভেল ৪৭ হলে আর নিঃশ্বাস নিতে পারছিলেন না। তারপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারা দেখে বলেন বাসাতেই তিনি মারা গেছেন।
তিনি আরো জানান, বাদ জোহর আদাবরের ঢাকা হাউজিংয়ে বাসার নিচে বোরহানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি খুলনায় উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।
প্রসঙ্গত, অ্যালবামের প্রচ্ছদশিল্পী হিসেবে বেশি পরিচিতি পেলেও বোরহান আহমেদ বৃহান ছোটবেলা থেকে গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন। ২০১০ সালের ভালোবাসা দিবসে ফাহিম মিউজিকের ব্যানারে বাজারে আসে তার প্রথম একক ‘ফেসবুক প্রেম’। পরের বছর ভালোবাসা দিবসে সংগীতা থেকে প্রকাশিত হয় দ্বিতীয় একক ‘ডু ইউ লাভ অর হেট’। বৃহানের সবশেষ একক ‘অ্যাবসোলিউট ভাবনা’। এর বাইরে বিভিন্ন মিক্সড অ্যালবামেও কিছু গান শোনা যায় তার কণ্ঠে। সর্বশেষ ২০১৭ সালে কিংবদন্তি কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার ‘মেঘ থমথম করে’ গানটিতে কণ্ঠ দিয়ে বেশ প্রশংসা কুড়ান বৃহান।
Leave a Reply