নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সদস্য সংগ্রহে সতর্ক থাকতে হবে। যাতে কোনো চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসীরা প্রাথমিক সদস্য না হতে পারে। এছাড়া কমিটি গঠনে এক ব্যক্তি কোনোভাবেই দুই পদে থাকতে পারবে না বলে উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (১৫ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সদস্য পদ নবায়ন ও প্রাথমিক সদস্য পদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যে অগ্রযাত্রা তা এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি মতভেদ ভুলে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করারও আহ্বান জানান।
একটি রিটের পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনের বিষয়টি নিয়ে মির্জা ফখরুলের সঙ্গে কিছুটা একমত পোষণ করে ওবায়দুল কাদের বলেন, কারও কারও ক্ষেত্রে প্রকৃত জন্মতারিখ আর সার্টিফিকেটের জন্ম এক নয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ বিষয়ে প্রশ্ন রেখে বিএনপি নেতাদের কাছে জবাব চেয়ে বলেন, তাই বলে কি কারও পাঁচটি জন্মতারিখ থাকবে?
জাতির সবচেয়ে কষ্টের দিন- জাতীয় শোক দিবসে হঠাৎ করেই ভূয়া জন্মদিন পালন, উৎসব করে কেক কেটে বিএনপির প্রতিহিংসা আর মিথ্যাচারের রাজনীতির বিকৃত উদাহরণ বলেও মনে করেন ওবায়দুল কাদের।
Leave a Reply