নিজস্ব প্রতিবেদক :
পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, আজ থেকে ৫০ বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবেশ রক্ষার বিষয়টি উপলব্ধি করেছিলেন এবং পরিবেশ রক্ষায় অনেক গুরুত্ব সহকারে কাজ করে গেছেন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) আয়োজিত ‘মুজিব শতবর্ষে শত বৃক্ষরোপণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাবিবুন নাহার বলেন, আজ থেকে ৫০ বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবেশের বিষয়টি উপলব্ধি করেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি শুধু পরিবেশ সংরক্ষণই নয়, পরিবেশকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, দেখা যায় একটি প্রকল্প শেষ করে প্রকৌশলী সন্তুষ্ট হোন। কিন্তু আপনাদের সন্তুষ্টির বিপরীতে আমাদের বন বিভাগের কর্মকর্তাদের কাঁদতে হয়। কারণ উন্নয়ন প্রকল্পের জন্য অনেক গাছ নিধন করা হয়। যদিও এখন পরিবেশের উপর গুরুত্ব বেড়েছে। আপনারা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃক্ষনিধনের বিপরীতে বৃক্ষরোপনের বিষয়ে আরো অনুপ্রানিত হবেন। পাশাপাশি উন্নয়নের সঙ্গে পরিবেশের ওপর গুরুত্ব দিবেন।
এর আগে অতিথিদের সঙ্গে নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের একটি করে চারা রোপণ করেন।
আইইবি ঢাকা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী হাবিব আহমেদ হালিম মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নূরুজ্জামান।
Leave a Reply