নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, পাকিস্তান মুসলিম লীগ সরকারের দুঃশাসন, নির্যাতন, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বাঙালির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।
তিনি বলেন, আর প্রতিষ্ঠালগ্ন থেকেই গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও তাদের অর্থনৈতিক মুক্তির সংগ্রামে কাজ করছে আওয়ামী লীগ।
মঙ্গলবার আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, ইতিহাস ও ঐতিহ্যের অপর নাম বাংলাদেশ আওয়ামী লীগ। মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলন ও মহৎ অর্জনের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর নাম। শুধু আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণমানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাই নয়, তাদের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই দলটির মূল লক্ষ্য।
আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত বিভিন্ন সাফল্য তুলে ধরে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরেই তার কন্যা শেখ হাসিনা দেশকে নিয়ে যাচ্ছেন উন্নয়নের মহাসড়কে। ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি, স্বল্পোন্নত রাষ্ট্র থেকে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করা, সমুদ্রসীমা জয়, ছিটমহল সমস্যার সমাধান, স্যাটেলাইটের নিজস্ব মালিকানা, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণসহ বহু মেগা প্রকল্প বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, বিচারহীনতার সংস্কৃতি দূরীকরণসহ সুদূর প্রসারী সাহসী নেতৃত্ব দানে বিশ্বের হাতেগোনা কয়েকজন রাষ্ট্রনায়কের মধ্যে শেখ হাসিনা আজ অন্যতম।
আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, সাধারণ মানুষের জীবনের মান উন্নয়ন, তাদের মৌলিক চাহিদা পূরণ, অসহায় ও ছিন্নমূল মানুষকে সামাজিক বেষ্টনীর আওতায় আনতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের গৃহীত সব কর্মসূচি আজ দেশে ও আন্তর্জাতিক বিশ্বে স্বীকৃত।
আমির হোসেন আমু বলেন, অনেক বাধা অতিক্রম করে সাধারণ জনগণের ভালোবাসায় অত্যন্ত দক্ষতা, সততা ও সফলতার সঙ্গে দেশের সেবা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ পরিচালনায় বঙ্গবন্ধুকন্যা প্রমাণ করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষ নিরাপদে থাকে।
আগামী দিনের পথচলায় তাই জনগণকে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানান আমির হোসেন আমু।
Leave a Reply