নিজস্ব প্রতিবেক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার (ফ্রিজ) নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২৮) দুদকের আদালত পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রবিবার (২৭ জুন) মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন বলে জানান তিনি।
আমিনুল ইসলাম বলেন, মামলার অনুসন্ধান চলাকালে দুদকের উপ পরিচালক জালাল উদ্দিন আহমেদ রোববার ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধের আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেছেন।
যে ৮টি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে সাঈদ খোকনের ব্যবসা প্রতিষ্ঠানের তিনটি অ্যাকাউন্ট রয়েছে। বাকি অ্যাকাউন্টগুলো হলো তাঁর মা ফাতেমা হানিফের একটি, বোন শাহানা হানিফের দুটি ও স্ত্রী ফারহানা আলমের দুটি।
আবেদনে বলা হয়, ওই ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হয়েছে। অভিযোগটি সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ব্যাংক হিসাবগুলো থেকে যেন অর্থ উত্তোলন, স্থানান্তর বা হস্তান্তর করা না যায়, সে বিষয়টি নিশ্চিত করতে ব্যাংক হিসাবগুলো জরুরিভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।
আবেদনে আরো বলা হয়, অভিযুক্তরা ওই ব্যাংক হিসাবের অর্থ স্থানান্তর করতে চেষ্টা করেছেন; যা তদন্তে উঠে এসেছে। অভিযোগ নিষ্পত্তি পর্যন্ত না হওয়া পর্যন্ত এসব অস্থাবর সম্পত্তি স্থানান্তর বা হস্তান্তর হয়ে গেলে রাষ্ট্রের ব্যাপক ক্ষতি হবে।
Leave a Reply