নিজস্ব প্রতিবেদকঃ
চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের কাছ থেকে কম দামে ১৫ মিলিয়ন বা দেড় কোটি টিকা (দেড় কোটি) কিনবে স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগার।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সভায় অংশ নেন কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব।
চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে চুক্তিবদ্ধ ১৫ মিলিয়ন ডোজের মধ্যে দুই মিলিয়ন উপহার হিসেবে দিয়েছে চীন। বাকি ১৩ মিলিয়ন ডোজ এবং নতুন প্রস্তাবিত দুই মিলিয়ন ডোজ টিকাসহ মোট ১৫ মিলিয়ন ডোজ আগের চুক্তিপত্রের উল্লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে সিনোফার্ম টিকা সাপ্লিমেন্ট অ্যাগ্রিমেন্ট-১ এর আওতায় সরবরাহ হবে। করোনা মোকাবিলায় জরুরি প্রয়োজন মেটাতে ১৫ মিলিয়ন ডোজের অতিরিক্ত টিকা সরবরাহের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, আপনারা নিশ্চিত থাকুন খুব কম মূল্যে চীনের কাছ থেকে ১৫ মিলিয়ন টিকা মিলবে।
টিকার মূল্য জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, আগের চেয়ে কম দামে কেনা হবে। আপনারা নির্দিষ্ট করে কিছু জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তথ্য নিতে পারেন।
Leave a Reply