নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর খিলগাঁওয়ের পিডব্লিউডি কলোনিতে মশক নিধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস
রাজধানীর খিলগাঁওয়ের পিডব্লিউডি কলোনিতে মশক নিধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস
ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার রাজধানীর খিলগাঁওয়ের পিডব্লিউডি কলোনিতে মশক নিধন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান। এ সময় চিরুনি অভিযানে এডিস নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মেয়র।
ডিএসসিসি মেয়র বলেন, আমাদের এলাকায় যে সরকারি আবাসনগুলো রয়েছে, আমরা তাদের বারবার চিঠি দিয়েছি, সতর্ক করেছি। আমরা বলেছি তারা যেন সেগুলো পরিষ্কার করেন। আপনারা লক্ষ্য করেছেন, আজকেও আমি পরিদর্শনে এসে দেখলাম – এখানে লার্ভা পাওয়া গেছে। এটি আসলে খুবই দুঃখজনক। আমরা যদি নিজেরা নিজেদের এলাকা পরিষ্কার-পরিছন্ন না রাখি, উৎসগুলো নিধন না করি, তবে এটা (ডেঙ্গু নিয়ন্ত্রণ) অত্যন্ত দুরূহ। তারপরও কাজ করে চলেছি। আমরা আশাবাদী, এই চিরুনি অভিযানের ফলে ডেঙ্গু রোগী বা এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণ রাখতে পারব। কিন্তু কাজটি অত্যন্ত দুরূহ, তারপরও আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, সবাই দায়িত্বশীলভাবে কাজ করলে ডেঙ্গুর বিস্তার হতে পারবে না। এখন ঘরে ঘরে যাচ্ছি। যত তথ্য পাচ্ছি, আমরা সেখানে গিয়ে কাজ করছি।
জনগণ সচেতন না হলে ১ কোটি ২০ লাখ জনবসতির এ শহরে এডিস নিয়ন্ত্রণ কার্যক্রম অত্যন্ত কষ্টসাধ্য ও দুরূহ উল্লেখ করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, তারপরও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু দীর্ঘ মেয়াদে যদি ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে সবার দায়িত্বশীলতা-সচেতনতা অত্যন্ত জরুরি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরা।
Leave a Reply