গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী থেকে কখনও সাংবাদিক, কখনও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, কখনও নির্বাহী ম্যজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারনার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে গাজীপুর মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগরের চাঙ্কিরটেক এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সে নিজেকে মোঃ শরীফ উদ্দীন, শেখ আকাশ আহম্মেদ শরীফ ও শেখ আকাশ ইবনে যুবরাজ হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচয় দিতো । গ্রেফতারকৃত শরীফ নেত্রকোনার মোহনগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে।
জিএমপি ডিবি দক্ষিনের উপ-কমিশনার মোহাম্মদ নুরে আলম প্রেসব্রিফিং এ জানান, গ্রেফতারকৃত শরীফ বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, বিশেষ সহকারী, প্রধানমন্ত্রীর প্রধান তথ্য কর্মকর্তা, বেঙ্গল গ্রুপের পরিচালক, সময় টিভির সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থার (পরিচালক প্রশাসন), FBCCI এর পরিচালক হিসেবে সিআইপি, ৩৬ তম বিসিএস ক্যাডার (Admin) ও রাজনৈতিক পরিচয়সহ ইত্যাদি ভুয়া পরিচয় ব্যবহার করে সামজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছিল । তার কাছে প্রাপ্ত মোবাইল ও ফেসবুক আইডিতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গের সাথে তার এডিট করা ছবি পাওয়া যায়।
গ্রেফতারকালে তার কাছ থেকে ৪টি আইডি কার্ড (সময় টিভির, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত সহকারি, সিআইপি, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ), ২টি মোবাইল ফোন, ১জোড়া হ্যান্ডকাফ, গাড়ীতে ব্যবহারের জন্য ৩টি লেমনেটিং করা স্টিকার (প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোগোসহ, বেঙ্গল গ্রুফ ও সময়টিভির) ও প্রধানমন্ত্রীর নামসহ একটি সিল এবং বিভিন্ন সময়ে প্রতারণার কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কার (এলিয়ন এ১৫, গাড়ী নং ঢাকা মেট্রো ট-২৭-৮৬৮২) গাড়ী উদ্ধার করা হয়। একই সময়ে তার কাছ থেকে ২২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্নজনের কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে প্রচারনা ও মাদকসহ ৪টি মামলা করা হয়েছে। প্রেসব্রিফিং শেষে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply