কুমিল্লা প্রতিনিধি
বুড়িচংয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ঢাকা-চট্রগ্রাম রেল লাইনের কুমিল্লার বুড়িচং উপজেলার আজ্ঞাপুর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, বুধবার সকালে জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউপির আজ্ঞাপুর এলাকার উত্তর অংশে ঢাকা-চট্রগ্রাম রেল সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল ৯ টার দিকে বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন, এসআই বিনোদ দস্তিদার ঘটনাস্থলে যান।
বিনোদ দস্তিদার জানান, রেললাইনের ১০ ফুটের মধ্যে লাশটি থাকায় রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন জানান, বুধবার সকাল ১১ টার দিকে ৫০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান হাত ভাঙা। ধারণা করা হচ্ছে ট্রেনের ছাদ থেকে পড়ে বা ট্রেনের ধাক্কায় মৃত্যু হতে পারে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মঙ্গলবার রাতের যে কোনো সময় মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply