নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
রাজধানীর আগারগাঁওয়ে চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ২৬ নেতাকর্মীর দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জেল হোসেন আদালত শুনানি শেষে বুধবার এ রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত অপর ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এছাড়া এ মামলায় গ্রেফতার ইমন ইব্রাহিম ও রবিউল ইসলাম কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
এ সময় আসামিপক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২৬ জনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত অপর ১৯ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রিমান্ডে ও কারাগারে যাওয়া আসামিরা হলেন- মোখলেছুর রহমান, আকতার হোসেন, রাসেল হক, মনির হোসেন, মোশারফ হোসেন, পারভেজ, রুবেল, হাফিজ আহমেদ, আসলাম, রিপন হাসান, আব্দুর রাজ্জাক, শারফিন মিয়া, জহিরুল ইসলাম, আলম হোসেন, নাসির উদ্দিন, খালিদ আলম, শাহিন, মোখতার হোসেন, রাকিব, রেজাউল, হালিম, ইব্রাহিম, শাহাজান মিয়া সম্রাট, সোহেল রানা, আজাদুল ইসলাম, তারিকুল ইসলাম, শামসুল হক, তুহিনুর ইসলাম, কামাল হোসেন সাগর, শিমুল দাস, শেখ রোমান, সোহানুর রহমান, সোহাগ, আব্দুর রহমান, রুবেল, পলাশ, আকতার, সোহান, হুমায়ুন কবির, সোলেমান, মোক্তার হোসেন, জুম্মান মিয়া, মো.দুলাল, সজিব, রাব্বি, ইমন ও রবিউল ইসলাম।
জানা যায়, গত মঙ্গলবার সকাল ১১টায় চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যায় ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও বিএনপির নেতাকর্মী মিলে এ সময় বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনায় এদিন রাতেই পুলিশ বাদী ১৫৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ৪৭ জনকে গ্রেফতার দেখিয়ে আদালত পাঠানো হয়েছে।
Leave a Reply