নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই দেশে গুম-খুনের রাজনীতি শুরু করেন। সেই ধারা বেগম জিয়াও অব্যাহত রেখেছেন।’
সোমবার (৩০) বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা শেষে নিজ বাসভবনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গুমের রাজনীতি শুরু হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘জিয়া তার ক্ষমতা নিষ্কণ্টক করতে সেনা সদস্যসহ হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। কারাগার থেকে ধরে নিয়ে মানুষকে হত্যা করা হয়েছে। ফখরুল সাহেব, রিজভী সাহেবদের মনে রাখা উচিত, জিয়াউর রহমানের হাতে কত মানুষ গুম হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু হত্যায় ওতপ্রোতভাবে জড়িত জিয়া ক্ষমতা দখলের পর খুনের রাজনীতি শুরু করেছেন। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী তৎকালীন ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজ বাবু, চট্টগ্রামের মৌলভী সৈয়দ রেহাই পাননি। তাই, তার দলের (বিএনপি) নেতাদের মুখে গুম নিয়ে কথা শোভা পায় না।’
এর আগে অনলাইন সেমিনারে তথ্যমন্ত্রী বঙ্গবন্ধু হত্যার নেপথ্য তথ্য উদঘাটনে সাংবাদিকদের ভূমিকা রাখতে আহ্বান জানান। তিনি বলেন, ‘শুধু গুটিকতক বিপথগামী সেনা সদস্যই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটায়নি। এর পেছনের মূল ষড়যন্ত্রকারী ছিল খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান।’
পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনলাইন সেমিনারে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, বিশেষ বক্তা হিসেবে ইতিহাসের অধ্যাপক ড. আবুল কাশেম, ড. মোহাম্মদ হান্নান প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply