রবিউল আলম গাজীপুর প্রতিনিধি :
দেশের তিন মেগা প্রকল্প পদ্মাসেতু, মেট্রোরেল ও কর্নফুলী টানেলের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) উন্নয়ন প্রকল্পও আগামী বছর ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল দশটায় টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
বিআরটি প্রকল্পের আওতায় ৪ দশমিক ৫ কিলোমিটার এলিভেটেড সড়ক, ৬টি ফ্লাইওভার ও ২৫টি বিআরটি স্টেশনসহ মোট ২০ দশমিক পাঁচ শূন্য কিলোমিটার করিডোর নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি ঘন্টায় উভয়দিকে বিশ হাজার যাত্রী পরিবহন করতে পারবে।
এছাড়া এই করিডোরে দুইটি সংরক্ষিত বিআরটি লেন, চারটি মিক্সড ট্রাফিক লেন, দুইটি অযান্ত্রিক লেন, পথচারীদের জন্য ফুটপাতের ব্যবস্থাও থাকবে।
হাউজবিল্ডিং থেকে চেরাগআলী পর্যন্ত ৪.৫ কিলোমিটার এলিভেটেড অংশ সেতু বিভাগ বাস্তবায়ন করছে, বাকী অংশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ করছে।
এসময় মন্ত্রী বলেন, এই প্রজেক্টটি জনগণের জন্য অনেক বিড়ম্বনা ও ভোগান্তির কারণ হয়েছে। এই সড়কের ড্রেনেজ ব্যবস্থাটা ভালো ছিল না। যে কারণে বর্ষাকালে ভোগান্তি চরমে পৌঁছেছে। আমি আশা করি এই ভোগান্তির শেষ বর্ষা এটাই। সড়কের নিচের দিকে যেহেতু আর কাজ নেই, তাই ভোগান্তির অবসান হবে বলে আশা করছি।
প্রকল্পের অগ্রগতি ৬৩ শতাংশ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই মন্ত্রী আরও বলেন, বহুল প্রত্যাশিত মেগা প্রকল্প পদ্মাসেতু, মেট্রোরেল, কর্নফুলী টানেলেসহ অন্যান্য মেগা প্রকল্পের সঙ্গে আগামী ডিসেম্বর নাগাদ এই বিআরটিএ প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করতে পারবেন, আমরা সেই প্রতীক্ষায় আছি।
এসময় মন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবু বকর সিদ্দিক, প্রধান প্রকৌশলী সবুর খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলীর সবুজ উদ্দিন খান উপস্থিত ছিলেন।
Leave a Reply