নিজস্ব প্রতিবেদক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল- ফাইল ফটো
জাতীয় সংসদের এমপিদের নির্বাচনী এলাকার ক্রীড়া ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে মন্ত্রণালয় ক্রীড়া সামগ্রী বিতরণ করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
তিনি বলেন, ক্রীড়া পরিদফতর থেকে চলতি অর্থবছরে সংসদীয় আসনভিত্তিক যেসব ক্রীড়া সামগ্রী প্রদান করা হবে, তার তালিকাও তৈরি হয়েছে।
শুক্রবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে লক্ষ্মীপুর-১ আসনের এমপি আনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, প্রতিটি নির্বাচনী এলাকার জন্য ফুটবল ৭০টি, ভলিবল ১৫টি, ভলিবল নেট আটটি, ব্যাডমিন্টন র্যাকেট ১৬টি, ব্যাডমিন্টন সাটল কর্ক ৩ বক্স, ব্যাডমিন্টন নেট তিনটি, হ্যান্ডবল (সাইজ-১) ৪টি, হ্যান্ডবল (সাইজ-২) চারটি, দাবা সেট আটটি, ক্যারাম বোর্ড সেট দুটি, ক্রিকেট সেট তিনটি বরাদ্দ দেওয়া হয়েছে।
মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে আন্তর্জাতিক মানের সাতটি ক্রিকেট স্টেডিয়াম আছে। এছাড়া কক্সবাজার, মানিকগঞ্জ, কুমিল্লা ও গাজীপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে কক্সবাজার, মানিকগঞ্জ ও কুমিল্লা জেলায় ফিজিবিলিটি স্ট্যাডি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি সম্পন্ন হলে স্টেডিয়াম তৈরির প্রকল্প গ্রহণ করা হবে।
Leave a Reply