নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক:
‘৭৫-এর পর দেশে যে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছিল তার এখনো রেশ রয়ে গেছে। জিয়া যেমন ৭৫’র হত্যাকাণ্ডের নেপথ্যের নায়ক ছিলেন, তেমনি তারেক রহমান ২১ আগস্টের মাস্টারমাইন্ড।’
আজ সোমবার (৪ অক্টোবর) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রয়াত সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য মানুষের নাম পাঠানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘টাকা খেয়ে খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না।’ তিনি এসব অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানান।
‘জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করতে হবে, নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘অনেকেই ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে যায়, যা মোটেই কাম্য নয়।’ তিনি ক্ষমতার অপব্যবহার না করতেও দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দেন।
রাজনীতিতে ভালো মানুষদের সঙ্গে রাখার নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খারাপ মানুষ দিয়ে রাজনীতি করলে দল নষ্ট হয়ে যাবে।’ তিনি বলেন, ‘দুঃসময়ে বসন্তের কোকিলরা দলে থাকবে না, ত্যাগীরাই সুখে-দুঃখে দলের পাশে থাকবে। তাই সৎ ও ভালো মানুষদের দলে টানুন।’
‘৭৫-এর পর দেশে যে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছিল তাঁর এখনো রেশ রয়ে গেছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘৭৫-এর হত্যাকাণ্ডে কারা জড়িত ছিল? কে নেপথ্যে ছিল? সেই ইতিহাস সবাই জানে- যা কখনো ভুলে যাওয়ার নয়।’ তিনি বলেন, ‘জিয়া যেমন ৭৫’র হত্যাকাণ্ডের নেপথ্যের নায়ক ছিলেন, তেমনি তারেক রহমান ২১ আগস্টের মাস্টারমাইন্ড।’
ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, ‘আজও আমরা প্রতিহিংসার বৃত্ত থেকে বের হতে পারি নাই।’
৭৫ ও ২১ আগস্ট ঘটনায় পারস্পরিক সম্পর্কের দেয়াল আরো উঁচুতে নিয়ে গেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘জিয়াউর রহমান দেশে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিলেন আর বিএনপি এখনো তা অব্যাহত রেখেছে।’
গণতন্ত্রের যে কর্ম সম্পর্ক তা নষ্ট করে দিয়েছে বিএনপি, এমনটা মনে করে ওবায়দুল কাদের আবারও দুঃখ প্রকাশ করে বলেন, ‘একাধিকবারের একজন প্রধানমন্ত্রীর কয়টা জন্মদিন থাকতে পারে? এটা কি প্রতিহিংসা নয়?’ আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুভূতিতে খোঁচা দিতে বেগম জিয়া এই ভুয়া জন্মদিন পালন করেন বলেও মনে করেন তিনি।
প্রতিহিংসার রাজনীতিতে কিভাবে সামাজিক সম্পর্ক বজায় রাখব- প্রশ্ন ওবায়দুল কাদেরের।
‘বর্তমানে রাজনৈতিক নেতাদের মধ্যে পারস্পরিক কর্ম-সম্পর্কের বিষয়টি অনুপস্থিত, ‘কিন্তু কেন’- প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রতিহিংসা ও বিদ্বেষের রাজনীতি পরিহার করা আমাদের জন্য এখন খুবই জরুরি হয়ে পড়েছে।’
ওবায়দুল কাদের প্রয়াত হাসিবুর রহমান স্বপনকে একজন সফল রাজনীতিবিদ আখ্যায়িত করে বলেন একজন নির্লোভ নিরহংকার নেতা ও জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন স্বপন। তিনি হাসিবুর রহমান স্বপনের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।
শাহজাদপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের সভাপতিত্বে শোকসভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার, সংসদ সদস্য তানভীর শাকিল জয় প্রমুখ।
Leave a Reply