চাঁদপুর প্রতিনিধি:
তীব্র ঠান্ডার অপেক্ষায় রয়েছেন চাঁদপুর শহরের চৌধুরীঘাটের পুরানো গরম কাপড় বিক্রেতারা। চট্টগ্রাম থেকে এবার কিছুটা আগে ভাগেই বিক্রির জন্য পুরানো গরম কাপড়ের চালান এনেছেন তারা।
শনিবার (২০ নভেম্বর) চৌধুরীঘাট বাজারে সরজমিনে ঘুরে দেখা যায়, ফল ও কাঁচা শাক-সবজি বিক্রির অধিকাংশ দোকানে এখন আর কাঁচামাল নেই। শীতের মৌসুমে ফল ও সবজির স্থলে গরম পোশাক দিয়ে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। ক্রেতাদের চাহিদা মিটাতে ১৪/১৫টি দোকানে ভ্রাম্যমাণভাবে গরম পোশাক তুলেছেন এখানকার বিক্রেতারা। শিশু, নারী-পুরুষ, বৃদ্ধাসহ সব রকমের ক্রেতার গরম পোশাকের চাহিদা মিটাতে বিক্রেতাদের এমন প্রস্তুতি।
বিক্রেতারা বলছেন, ১০ টাকা থেকে শুরু করে ৩শ থেকে ৪শ টাকাতে গরম জামা-কাপড় বিক্রির জন্য রেখেছেন তারা। শুধু পোশাকই নয় এখানে ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে ভালো কম্বল ও চাদরের ব্যবস্থাও রয়েছে।
কয়েকজন ক্রেতা বললেন, কম দামে চাহিদা অনুযায়ী গরম পোশাক কেনার জন্য চৌধুরীঘাট বাজার বেশ উপযোগী। এক স্থানে পরিবারের সবার গরমের পোশাক কেনার সুবিধা থাকায় চৌধুরীঘাট বাজার আমাদের কাছে এতো জনপ্রিয়।
এ বিষয়ে চাঁদপুর চৌধুরীঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির লস্কর বলেন, প্রতিদিনই বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতার দরদামে বাজারটি বেশ সরগরম থাকে। এই বাজারটি প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও গরীব-অসহায় মানুষের আস্থা অর্জন করেছে।
Leave a Reply