নিজস্ব প্রতিবেদক
বিটিভির ৫৮ বছরে পদার্পণ ও এইচডি সম্প্রচার উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ
ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ড নিয়ে সরকারের সমালোচনা করে বিএনপিসহ তাদের সমর্থক রাজনৈতিক দলগুলোর বক্তব্য ‘রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। শনিবার বাংলাদেশ টেলিভিশনের ৫৮ বছরে পদার্পণ ও এইচডি সম্প্রচারের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ঝালকাঠিতে লঞ্চে আগুন লাগা ও হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। সরকার ও জেলা প্রশাসন এরই মধ্যে নিহতদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। এ ছাড়া যারা চিকিৎসাধীন, তাদের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীও বিষয়টি মনিটরিং করছেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের এই ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা, তার তদন্ত চলছে। কিন্তু এ দুর্ঘটনা নিয়ে ফখরুল সাহেব, মান্না সাহেবরা যেভাবে সরকারকে দায়ী করে বক্তব্য প্রদান করছেন, তা তাদের রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ। বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের দুর্ঘটনা ঘটে। এগুলোও কি রাজনৈতিক কারণে হয়? আমাদের দেশেও অতীতে দুর্ঘটনা হয়েছে এবং হচ্ছে। দুর্ঘটনার সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, সব কিছুতে রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা, যারা খোলস বদলে বিএনপিতে এসেছেন বা মান্না সাহেব, যিনি ছয়বার দল বদলেছেন, তারা কখন যে বলে ফেলেন, রাজনৈতিক দুঃশাসনের কারণেই তারা এতবার দল বদল করেছেন।
Leave a Reply