কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির মালিকের ‘কু-প্রস্তাবে’ রাজি না হওয়ায় এক নারীর চার বছরের কন্যা শিশুকে তুলে নিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত বাড়ির মালিক সোহেল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটক সোহেল পলতাকান্দা গ্রামের মৃত মজিদ মিয়ার পুত্র।
নিহতের বাবা জাকির হোসেন জানায়, পাঁচ-ছয় মাস আগে তারা শহরের পলতাকান্দা গ্রামে সোহেলের বাড়িতে ঘর ভাড়া নেন। নিহত নদী তাদের একমাত্র সন্তান। গত কয়েকদিন ধরে সোহেল নদীর মাকে কু-প্রস্তাব দিয়ে আসছে। তার প্রস্তাবে নদীর মা সাঁড়া না দেওয়ায় প্রায়ই সোহেল তার মেয়েকে হত্যার হুমকি দিতো ।
মঙ্গলবার সন্ধ্যায়ও সোহেল ওই শিশুর মাকে কু-প্রস্তাব দেয়। এতে সে ব্যর্থ হয়ে সাড়ে ৭টার দিকে নদীকে মুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে তুলে নিয়ে যায়। এ সময় নদীর মা তার পিছু পিছু গেলেও মেয়ের খোঁজ পায়নি। পরে রাত ১২টার দিকে ভৈরব থানায় অভিযোগ করলে পুলিশ রাত সাড়ে ১২টার দিকে পলতাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ব পাশে ময়লা-আবর্জনা ও কচুরিপানার ঝোপ থেকে নদীর মরদেহ উদ্ধার করে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার ভোরে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার ওসি গোলাম মোস্তফা জানান,এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বাদীর অভিযোগের প্রক্ষিতে মামলা দায়ের করা হবে।
Leave a Reply