মেডিকেলে ভর্তির প্রস্তুতি নিয়ে কিছু পরামর্শ
শিক্ষা ডেস্ক:
আবেদন শুরু হয়েছে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী এ আবেদন শুরু হয় সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে। আবেদন চলবে আগামী ১০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ১ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে সাধারণ জ্ঞান, ইংরেজি, জীববিজ্ঞান, রসায়ন ও পদার্থবিজ্ঞান থেকে। তাই এসব বিষয়ে পড়া এবং প্রস্তুতি নিয়ে থাকছে বিস্তারিত।
সাধারণ জ্ঞান: বিগত কয়েক বছরের মেডিকেলের প্রশ্ন, বিসিএসের প্রশ্ন এবং সাধারণ জ্ঞানের বইগুলোর বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের বিবিধ অংশটুকু পড়া যেতে পারে। আলোচিত যেকোনো ঘটনা সেটা বাংলাদেশ সম্পর্কিত হোক অথবা আন্তর্জাতিক, সে বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। সাম্প্রতিক ঘটে যাওয়া আলোচিত বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ক্ষুদ্রতম, বৃহত্তম, প্রথম ও একমাত্র, বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক সংগঠন, বিভিন্ন দেশ সম্পর্কেভালো ধারণা রাখতে হবে।
ইংরেজি: বিগত বছরগুলোর মেডিকেল ও ডেন্টাল প্রশ্নপত্রে যেসব বিষয়ের ওপর ইংরেজি প্রশ্নগুলো এসেছে সেগুলো পড়া যেতে পারে। ইংরেজিতে ভালো করতে হলে অবশ্যই Vocabulary তে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। গ্রামার এ Tense, Parts of speech, Right Form of Verb, Article, Narration, synonym, antonym, Voice, Preposition, Phrase and Idioms ইত্যাদি সমাধান করার পাশাপাশি ভালো কোনো গ্র্যামার বই থেকে ওই বিষয়গুলো আরও বিস্তারিত পড়তে হবে।
জীববিজ্ঞান: মেডিকেলে বেশিরভাগ প্রশ্নই জীববিজ্ঞান থেকে হয়। সবচেয়ে বেশি প্রশ্ন থাকে ‘মানবদেহ’ অধ্যায় থেকে। তাই এই অধ্যায় ভালোভাবে রপ্ত করতে হবে। এছাড়াও কোষতন্ত্র, টিস্যুতন্ত্র ও রোগসংক্রান্ত যত বিষয় আছে তা ভালো করে পড়বে। উদ্ভিদবিজ্ঞানেও ভাইরাস, ব্যাক্টেরিয়া, সালোকসংশ্লেষণসহ রোগ ব্যাধি সংক্রান্ত সকল কিছু ভালো করে রপ্ত করতে হবে।
রসায়ন: রসায়নে মনোযোগের সঙ্গে চ্যাপ্টাগুলো পড়তে হবে। সকল প্রকার সূত্র, সূত্রের বিভিন্ন চলকের পারস্পরিক সম্পর্ক রপ্ত করতে হবে। এর পাশাপাশি ছোট কিন্তু টেকনিক্যাল অংকগুলো দেখে নেবে। গুরুত্বপূর্ণ চার্টগুলো রপ্ত করতে হবে। তবে সংখ্যাভিত্তিক সমস্যায় বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই।
পদার্থবিজ্ঞান: রসায়নের মত পদার্থবিজ্ঞানেও সকল প্রকার সূত্র, সূত্রের বিভিন্ন চলকের পারস্পরিক সম্পর্ক রপ্ত করতে হবে। এর পাশাপাশি টেকনিক্যাল অংকগুলো দেখে নেবে। গুরুত্বপূর্ণ চার্টগুলো রপ্ত করতে হবে। ছোট অংকের প্রতি বেশি গুরুত্ব দাও। সংখ্যাভিত্তিক সমস্যায় বেশি মাথা ঘামিও না।
Leave a Reply