ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী জুন মাসের মধ্যেই সম্পন্ন করা হবে। এবারও পাঁচটি ইউনিটের (ক, খ, গ, ঘ এবং ঙ) অধীনে এই পরীক্ষা নেয়া হবে। তবে পরীক্ষার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন বলেন, সভায় ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তারিখ নির্ধারণ না হলেও নীতিমালা আগের বছরের মতোই থাকছে। ভর্তি পরীক্ষা নিয়ে আলাদা সভায় সার্বিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
পরীক্ষার বিষয়ে জানতে চাইলে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সামাদ বলেন, এবারও পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা নেয়া হবে। তবে পরীক্ষার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, আশা করছি আগামী জুনের মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে। মেডিকেল ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
Leave a Reply