বিনোদন প্রতিবেদক :
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা পূর্ণিমা সিনেমাতে অভিনয়ের পাশাপাশি বর্তমান সময়ে উপস্থাপনাতেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আবার স্টেজ শোতেও সমানতালে সময় পার করছেন তিনি।
এরই মধ্যে গত ২৩ মার্চ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০’র উপস্থাপনা করেছেন তিনি; সঙ্গে ছিলেন ফেরদৌস। আবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গত স্বাধীনতা দিবসে বাগেরহাটে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে একটি অনুষ্ঠানে পারফর্ম করেছেন। সেখান থেকে গতকাল দুপুরে ঢাকায় ফিরেছেন তিনি।
এরই মধ্যে আগামী রমজান মাসের প্রতিটি দিনই পূর্ণিমাকে দেখা যাবে একই সঙ্গে চারটি চ্যানেলে উপস্থাপনায়। মাছরাঙা টিভি, দীপ্ত টিভি, চ্যানেল টোয়েন্টিফোর ও এসএটিভিতে ইফতারের আগেই কাছাকাছি সময়ে পূর্ণিমার উপস্থাপনায় রাধুনী ‘ইফতারের আয়োজনে’ অনুষ্ঠানটির উপস্থাপনা করতে দেখা যাবে পূর্ণিমাকে।
শাবনাজ ও আফতাব বিন তমিজের সার্বিক তত্ত্বাবধানে ‘অ্যাডপয়েন্ট নাইম প্রোডাকশন’-এর ব্যানারে ৩০ পর্বের ‘ইফতারের আয়োজনে’ অনুষ্ঠানটির উপস্থাপনা করছেন পূর্ণিমা। গতকাল ছিল এ অনুষ্ঠানের শুটিংয়ের শেষ দিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জাহিদ হাসান সুমন।
এর উপস্থাপনা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, এর আগে দেশের বিভিন্ন চ্যানেলে ইফতারের আয়োজন অনুষ্ঠানে আমি অতিথি হিসেবে অংশগ্রহণ করেছি একটি পর্বে। কিন্তু এবারই প্রথম ইফতারের আয়োজনের কোনো অনুষ্ঠানের ৩০টি পর্বেরই উপস্থাপনা করেছি আমি। ৩০টি রেসিপি নিয়ে আমি ৩০ দিন হাজির হবো দেশের ভিন্ন ভিন্ন চার চ্যানেলে। এ ধরনের একটি অনুষ্ঠান উপস্থাপনা করে খুব ভালো লেগেছে।
সেরা রাঁধুনীর বিচারক হিসেবে আমি কাজ করেছি, এ অনুষ্ঠানে আমি উপস্থাপিকা হিসেবে কাজ করেছি। খুব ভালো লেগেছে। আশা করি অনুষ্ঠানটির নানান ধরনের আয়োজনে দর্শকেরও ভালো লাগবে।’ পূর্ণিমা সর্বশেষ দেশ টিভিতে ‘পূর্ণিমার আলো’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। পূর্ণিমা সর্বশেষ দুটি সিনেমায় অভিনয় করেছেন। একটি ‘জ্যাম’ ও অন্যটি ‘গাঙচিল’।
‘জ্যাম’-এ তার বিপরীতে আছেন আরিফিন শুভ আর ‘গাঙচিল’ সিনেমায় তার বিপরীতে আছেন ফেরদৌস। পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’। এতে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। সর্বশেষ পূর্ণিমা একটি রিয়েলিটি শো’রও বিচারক ছিলেন। এতে তার সঙ্গে ছিলেন তারিক আনাম খান ও চঞ্চল চৌধুরী।
Leave a Reply