দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের রামনগর মহল্লায় স্ত্রীর পায়ে ধারালো বঁটির কোপ দিয়ে হত্যার চেষ্টা চালিয়ে মুক্তার আলী মণ্ডল (৪০) নামের এক ব্যক্তি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২৯ মে) দুপুরে শহরের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। মুক্তার আলী মণ্ডল নওগাঁ জেলার পত্নীতলা মদইন গ্রামের সিরাজ মণ্ডলের ছেলে এবং পেশায় একজন স্টেশনারি ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দিনাজপুর রামনগর এলাকায় সস্ত্রীক বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, রবিবার দুপুরে স্বামী মুক্তারের সঙ্গে তার স্ত্রী মোতাহীরা আক্তারের (৩৫) তাদের স্টেশনারি দোকানে বসা নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্বামী মুক্তার বাড়িতে থাকা ধারালো বঁটি দিয়ে স্ত্রীর পায়ে কোপ দেন। এ সময় এলাকাবাসী মোতাহীরা আক্তারকে চিকিৎসার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল হাসাপাতালে ভর্তি করায়। ঘটনার পরে স্বামী নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তবে স্ত্রী মোতাহীরা আক্তার জানিয়েছেন, তাঁর স্বামীর মানসিক সমস্যা ছিল।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম।
Leave a Reply