নিজস্ব প্রতিবেদক:
দুটি জাতীয় পরিচয়পত্র নেওয়ার অভিযোগে প্রতারণার মামলায় নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত ডা. সাবরিনা চৌধুরীকে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট (হাজতি পরোয়ানা) জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
এদিন আইনজীবী প্রণব কুমার কান্তি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকা সাবরিনার প্রথম শ্রেণির মর্যাদা চেয়ে তার উপস্থিতিতে শুনানির আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২২ নভেম্বর সাবরিনাকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারক।
২০২০ সালের ৩০ আগস্ট গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া বাদী হয়ে রাজধানীর বাড্ডা থানায় ডা. সাবরিনার বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, মিথ্যা তথ্য দিয়ে দ্বৈত ভোটার হয়ে এবং একাধিক জাতীয় পরিচয়পত্র নিয়ে আইন অনুযায়ী অপরাধ করেছেন সাবরিনা। তার দুটি এনআইডির তথ্য তুলে ধরে বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ মামলায় ওই বছরের ২২ নভেম্বর সাবরিনা জামিন পান।
করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় চলতি বছরের ১৯ জুলাই জেকেজি হেলথ কেয়ারের প্রধান কর্মকর্তা ডা. সাবরিনা চৌধুরী এবং তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ আট আসামিকে পৃথক তিন ধারায় ১১ বছর করে কারাদণ্ড দেন আদালত। দণ্ডপ্রাপ্ত হয়ে এ মামলায় কারাগারে রয়েছেন সাবরিনা।
Leave a Reply