নিজস্ব প্রতিবেদক
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ শতাধিক বহিষ্কৃত নেতাকে ক্ষমা করে দিয়েছে আওয়ামী লীগ। সম্প্রতি তাদের বহিষ্কার আদেশ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বহিষ্কারের পর মেয়র পদ হারানো জাহাঙ্গীর আবারও স্বপদে ফিরে যাচ্ছেন বলে আশা ব্যক্ত করেছেন।
জাহাঙ্গীর বলেন, ‘আমি আওয়ামী লীগের ছিলাম, আওয়ামী লীগের আছি, থাকব।
ইনশাআল্লাহ, যেহেতু আমি আওয়ামী লীগে পদ ফিরে পাচ্ছি, সেহেতু আমি আবার মেয়র পদ ফিরে পেতে যাচ্ছি। ’
স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে বিভিন্ন সময়ে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। ক্ষমা ঘোষণার সময় ওবায়দুল কাদের বলেছেন, ‘এসব বহিষ্কৃত নেতারা ক্ষমা চেয়ে আবেদন করেছিলেন। তাদের আবেদন বিবেচনা করে শর্ত সাপেক্ষে ক্ষমা করে দেওয়া হয়েছে। আগামীতে দল ও আইন-শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে তারা জড়াবেন না বলে শর্ত দেওয়া হয়েছে। এর পরও কেউ দলীয় শৃঙ্খলার ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের বিষয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গত বছরের ১৯ নভেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়।
এরপর ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে ভারপ্রাপ্ত মেয়র করা হয় আসাদুর রহমান কিরণকে।
Leave a Reply