নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার বিষয়টি জানান র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
আটককৃতরা হলেন- সম্রাট, শান্ত, সোহাগ, ফারুক, রবিন, অর্ণব, বিবেক, তুহিন, রিফাত, রাব্বি, জিসান, এহেমাদ, ইসমাম হোসেন ও রবিউল ইসলাম।
অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন জানান, আটককৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর থানার বিভিন্ন এলাকায় পথচারীদের আকস্মিক ঘিরে ধরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মানিব্যাগ, টাকা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপ ছিনিয়ে নিতো। এছাড়া মাদক সেবন-বিক্রি, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি করে আসছিল তারা। আধিপত্য বিস্তার করতে অস্ত্র নিয়ে শো-ডাউন করে মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি করে আসছিল।
তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে সম্রাট, শান্ত ও সোহাগকে ছিনতাই মামলায় যাত্রাবাড়ী থানার হস্তান্তর করা হয়েছে। বাকি ১১ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
Leave a Reply