নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার রাতে মতিঝিল, মুগদা, ওয়ারী, খিলগাঁও, বংশাল, সবুজবাগ, শাহজাহানপুরসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. রাকেশ ওরফে কালাচাঁন, মো. মান্নান, মো. ইমরান গাজী, মো. আকাশ, মো. ইসরাফিল, মো. সিয়াম, মো. মানিক, নাহিদ পারভেজ, মো. আরাফাত, মো. শাকিল, মো. রিয়াদ, মো. আব্দুল রব মিয়া, মো. সাইফুল ইসলাম, মো. রাসেল, মো. ইসমাইল, লোকনাথ রাজবংশী, শম্ভু চন্দ্র দাস, মো. শামীম, মো. রাজু, মো. মোজাফ্ফর, মো. হাসান, মো. হৃদয়, মো. আরিফ, মো. আতিকুল ইসলাম, মো. হেলাল, মো. রুবেল, মো. রতন ওরফে মানিক, মো. তছলিম ও মো. আনোয়ার।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, যাদের ধরা হয়েছে- তাদের প্রায় সবার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তারা এর আগেও গ্রেফতার হয়েছে এবং জামিনে মুক্তি পেয়ে আবার জড়িয়েছে অপরাধে। রাজধানীতে এদের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। এরা ভাসমান জীবনযাপন করে।
টিকাটুলির র্যাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, পহেলা ফাল্গুন এবং বই মেলাকে কেন্দ্র করে ছিনতাইকারীদের তৎপরতা বেড়েছে। খিলগাঁও, মালিবাগ রেলগেট, কমলাপুর, মতিঝিল, হাতিরঝিল, শাহবাগ, পল্টন, মানিকনগর, নন্দীপাড়া, গুলিস্তান এলাকায় সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মানুষের টাকা ও মূল্যবান জিনিস ছিনিয়ে নিতো তারা।
র্যাবের ভাষ্য, আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও ছিনতাইয়ের পরিকল্পনা ছিল এই চক্রের।
গত ৬ মাসে র্যাব-৩ ঢাকায় ৫৯টি অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে ২০৪ জনকে গ্রেফতার করেছে বলে জানান আরিফ মহিউদ্দিন।
Leave a Reply