নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি
গুলশানে আগুনের ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা রাত ১০টায় তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি ডেইলি বাংলাদেশ-কে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গুলশানের আগুনের ঘটনায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
এদিকে, আগুন লাগা আবাসিক ভবন থেকে এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া আটকেপড়া অন্যদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। উদ্ধার করা ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী।
রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ১২ তলা আবাসিক ভবনে রোববার সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, প্রথমে ৬টি, পরে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে আরও ৬টি ইউনিট কাজে যোগ দেয়। বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
Leave a Reply