জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামে পান্না বেগম (৩০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ওই গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত গৃহবধূর স্বামী সিরাজুল ইসলাম শবেবরাতের মিলাদ মাহফিলে যোগ দিতে গ্রামের মসজিদে যান। রাত আনুমানিক ১০টার দিকে তিনি বাড়িতে ফিরে ঘরের ভেতর স্ত্রীর গলা কাটা লাশ দেখে চিৎকার দেন। তার চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে পান্না বেগমের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, পান্না বেগমের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
Leave a Reply