নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী সানজিদা আক্তার তামান্না (২৭) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক ও পাঠাও চালকসহ তিনজনকে আটক করেছে লালবাগ থানা পুলিশ।
গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মুর্শেদ। তিনি জানান, শুক্রবার রাতে ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে (রাইড শেয়ারিং) বেড়িবাঁধ দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়লে ওই কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন ওই শিক্ষার্থী।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতের দিকে তাকে মৃত ঘোষণা করেন বলেও ওসি মুর্শেদ জানান। উল্লেখ্য, নিহত সানজিদা নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়।
Leave a Reply