জামালপুর প্রতিনিধি:
জামালপুরে পায়ুপথে বহন করা ১০ লাখ টাকার হেরোইনসহ পিয়ারুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তিনি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাদারপুর গ্রামের মো. আব্দুল ওয়াদুদের ছেলে।
রোববার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ছোনটিয়া মোড়ের জনৈক আশরাফুলের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাত সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান।
র্যাব জানান, রাজশাহী থেকে পেটের ভেতরে বহন করে একটি হেরোইনের চালান আসছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযানের প্রস্তুতি নেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর সদরের ছোনটিয়া মোড়ে রাজশাহী থেকে আসা পিয়ারুল ইসলামকে আটক করেন। এ সময় র্যাবের জিজ্ঞাসাবাদে তিনি তার পায়ুপথের ভেতর দিয়ে মাদক বহনের কথা স্বীকার করেন।
ঘটনা শনাক্তে জামালপুর জেনারেল হাসপাতালের ডাক্তারের পরামর্শে পিয়ারুল ইসলামের শারীরিক পরীক্ষা করে পায়ুপথে মাদক বহনের বিষয়টি নিশ্চিত হন। পরে ডাক্তার পায়ুপথের ভেতরে থাকা কালো কসটেপ দ্বারা মোড়ানো ২টি প্যাকেটে থাকা ১০০ গ্রাম হেরোইন পায়ুপথ দিয়ে বের করেন। সেই সঙ্গে তার থেকে নগদ ৫০০ টাকা ও ১টি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ১০ লাখ টাকা।
আশিকউজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়েরের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply