নিজস্ব প্রতিবেদক :
শ্যামপুরে ৫৪ অস্থায়ী রাসায়নিক গুদামের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস
রাজধানীর শ্যামপুরে নির্মিত ৫৪টি অস্থায়ী রাসায়নিক গুদাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রোববার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ‘অস্থায়ী রাসায়নিক গুদাম’ উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) উদ্যোগে গৃহীত ‘অস্থায়ী ভিত্তিতে রাসায়নি দ্রব্য সংরক্ষণের জন্য নির্মিত গুদাম’ প্রকল্পের আওতায় ৬ দশমিক ১৭ একর জমির উপর ৬২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ৫৪টি গুদাম ঘর ও অফিসের জন্য ৩ তলা বিশিষ্ট ২টি ভবন নির্মাণ করা হয়। এর মধ্যে জিওবি তথা সরকারি অনুদান রয়েছে ৫৮ কোটি ২৭ লাখ টাকা এবং বিসিআইসি দিয়েছে ৪ কোটি ২৪ লাখ টাকা। এ প্রকল্পের ব্যয় ৭১ কোটি ৪৪ লাখ টাকা নির্ধারণ করা হলেও প্রকল্প বাস্তবায়নকারী বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড ৬২ কোটি ৫১ লাখ টাকা খরচ করে এ প্রকল্পের পরিপূর্ণ বাস্তবায়ন সম্পন্ন করেছে। এতে সরকারের প্রায় ৯ কোটি টাকা সাশ্রয় হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, স্থানীয় এমপি (ঢাকা-৪ আসন) সৈয়দ আবু হোসেন, শিল্প সচিব জাকিয়া সুলতানা, প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মো. আব্দুল্লাহ আল মাকসুস এবং বিসিআইসি’র চেয়ারম্যান মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
Leave a Reply