নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচরে রং নম্বরে পরিচয়ের পর অপহরণ করে এক মাদরাসাছাত্রীকে (১৯) ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত যুবকের নাম মো. নাজিমুল হক সুমন (২৬)। তিনি জেলার সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নর পূর্ব সাহাপুর গ্রামের হাজী মজিবুল হকের ছেলে।
রোববার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে, গত শনিবার ভোররাতের দিকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। একই দিন রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান।
জানা যায়, মাদরাসাছাত্রী উপজেলার স্থানীয় একটি ফাজিল মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত চার মাস আগে তার ব্যবহৃত নম্বর থেকে একটি নম্বর ভুল হয়ে সুমনের মুঠোফোনে কল চলে যায়। পরবর্তীতে সুমন তাকে প্রতিনিয়ত কল করতেন। এরপর সুমন ভিকটিমকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন প্রলোভন দেখান। ভিকটিম তার প্রস্তাবে রাজি না হলেও তিনি শুধুমাত্র ভিকটিমের সঙ্গে একবার দেখা করার অনুরোধ করেন। ভিকটিম তার কথা বিশ্বাস করে দেখা করার প্রস্তাবে রাজি হন। একপর্যায়ে গত ২৯ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে সুমন অজ্ঞাত আসামিদের সহযোগিতায় পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমের মাদরাসায় যাওয়ার পথে তাকে অপহরণ করেন। পরে জেলা শহর মাইজদীর লক্ষীনারায়ণপুর এলাকার তার খালা মর্জিনা আক্তার ইসমাইল মিয়া চৌকিদারের বাড়িতে নিয়ে যান।
সেখানে রুমি আক্তার ও মর্জিনা আক্তারের সহযোগিতায় ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করেন সুমন। এরপর ভিকটিমকে তাদের বসতঘরে আটকে রাখেন। ভিকটিম গত ৭ মে ভোরে ফজরের নামাজ পড়ার জন্য উঠলে, একটি মোবাইল দেখে কৌশলে তার ভাইয়ের মুঠোফোনে ম্যাসেজ দিয়ে সংক্ষেপে ঘটনার বিষয়ে জানিয়ে ঘটনাস্থলের নাম লিখে দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা সবাই পালিয়ে যান। এ ঘটনায় ৮ মে নির্যাতিতা তরুণী নিজে বাদী হয়ে অভিযুক্ত সুমনসহ আরো দুইজনের নাম উল্লেখ করে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে র্যাব তাকে গ্রেফতার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply