মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস এবং নগদ টাকাসহ ৫ জুয়ারিকে আটক করা হয়েছে।
রবিবার (১১ জুন) দিবাগত রাতে মৌলভীবাজার শহরের রঘুনন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন জসিম মিয়া(৩৯), জিয়াউর রহমান (২৮), মোঃ দুলাল মিয়া (৩৮), মোঃ শাহজাহান মিয়া এবং মুজিবুর রহমান (৫০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার এসআই নাজমুল হোসেন, এসআই মাহবুবুল আলম, এএসআই মোদারিছ মিয়া, এএসআই নুরুল হকসহ পুলিশের একটি দল মৌলভীবাজার শহরের রঘুনন্দনপুর এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করেন।
এসময় আটককৃতদের কাছ থেকে নগদ ২হাজার ৭শ ৫০ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডেল তাস জব্দ করা হয়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ চৌধুরী জানান,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply