লক্ষ্মীপুর প্রতিনিধি
মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার সদর উপজেলার টুমচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় মজুমদার বাড়ির বাসিন্দা সৌর মজুমদারদের পুকুরের মালিকানা দাবি করে মাছ ধরতে যায় প্রতিবেশী নব কুমারের পরিবারের সদস্যরা। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নব কুমারের ভাই মানিক ও ছেলে প্রান্তসহ ৮-১০ জন সৌর কুমার এবং তার চাচা অজয়ের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
এ সময় তারা অজয়ের বাড়ি গিয়েও পরিবারের সদস্যদের মারধর করে বলে অভিযোগ ওঠে। এতে উভয়পক্ষের অন্তত অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিক অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নব কুমার মজুমদার পুকুরে তাদের মালিকানা রয়েছে বলে দাবি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply