নওগাঁয়প্রতিনিধি:
পাঁচ ওয়াক্ত নামাজ, মাদক পরিহার ও অসৎ সঙ্গ ত্যাগ করার শর্তে মাদক মামলার এক কিশোরকে (১৬) জামিন দিয়েছেন আদালত।
সোমবার (২৭ নভেম্বর) এ আদেশ দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার।
জানা যায়, ধামইরহাট উপজেলায় এক কিশোরকে ২২ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এরপর ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর মানিক মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরবর্তী সময়ে কিশোরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ ও শিশু আদালত-২ এর স্টেনোগ্রাফার খাজা মইন উদ্দিন।
তিনি জানান, মামলার শুনানিকালে বিচারক অভিযুক্ত প্রতিটি শিশু-কিশোরকে ভবিষ্যতে নতুন করে অপরাধে না জড়াতে এবং যার যার ধর্মীয় রীতিনীতি মেনে চলতে উদ্বুদ্ধ করেছেন। সে লক্ষ্যেই পাঁচ ওয়াক্ত নামাজ, মাদক পরিহার ও অসৎ সঙ্গ ত্যাগ করার শর্তে বোনের জিম্মায় আসামির জামিন দেন আদালত।
Leave a Reply